বিশ্ব ফিজিওথেরাপি দিবস ২০২৬ উপলক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সপ্তাহব্যাপী বিনামূল্যে ফিজিওথেরাপি সেবা ক্যাম্পের শুভ উদ্বোধন হয়েছে। উদ্বোধনী দিনে ক্যাম্পাসের ডা. এম. আর. খান মেডিকেল সেন্টারে আয়োজিত ফ্রী ক্যাম্পে শতাধিক পক্ষাঘাতগ্রস্ত (Paralyzed) রোগীকে বিনামূল্যে বিশ্বমানের ফিজিওথেরাপি চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করা হয়।
সোমবার (০৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের আয়োজনে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়।
বিভাগের চেয়ারম্যান ড. মো. ফিরোজ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়ারুল কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক হাসান।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়ারুল কবির বলেন, "আমাদের বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি বিভাগের চিকিৎসা সেবা অত্যন্ত উচ্চমানের। বিশ্ব ফিজিওথেরাপি দিবসের মূল প্রতিপাদ্যকে সামনে রেখে এই বিভাগের শিক্ষা ও সেবামূলক কার্যক্রম আরও অনেক দূর এগিয়ে যাবে—আমি সেই প্রত্যাশা ব্যক্ত করছি।"
সভাপতির বক্তব্যে ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান ড. মো. ফিরোজ কবির সপ্তাহব্যাপী পালনীয় কর্মসূচির রোডম্যাপ ঘোষণা করেন। তিনি বলেন, "বিশ্বজুড়ে মানুষের স্বাস্থ্য সুরক্ষা, কর্মক্ষমতা ও গতিশীলতা (Mobility) ফিরিয়ে আনা এবং সুস্থ জীবনযাপনে ফিজিওথেরাপিস্টদের অসামান্য অবদানকে সবার সামনে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। আমাদের এবারের মূল ফোকাস থাকবে—কীভাবে সঠিক ও নিয়মমাফিক শারীরিক ব্যায়ামের মাধ্যমে হৃদরোগের ঝুঁকি কমানো যায়, স্ট্রোকের লক্ষণ দ্রুত শনাক্ত করা যায় এবং স্ট্রোক-পরবর্তী রোগীদের পুনরায় স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায়, সে বিষয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরি করা।"
অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আগামী দিনে আধুনিক ও বৈজ্ঞানিক ফিজিওথেরাপি চিকিৎসার প্রয়োজনীয়তা সমাজ ও সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে সবাই দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
সপ্তাহব্যাপী আয়োজনের চূড়ান্ত তালিকা-
৭ সেপ্টেম্বর (সোমবার): বিনামূল্যে ফিজিওথেরাপি সেবা ক্যাম্প (Free Camp) ও সপ্তাহব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন।
৮ সেপ্টেম্বর (মঙ্গলবার): নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডারস (NDD) কেন্দ্রিক বিশেষ প্যানেল আলোচনা (Panel Discussion)।
৯ সেপ্টেম্বর (বুধবার): বিশ্ব ফিজিওথেরাপি দিবস (World PT Day) উপলক্ষে বর্ণাঢ্য মূল অনুষ্ঠান।
১০–১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার–শনিবার): গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে ফিজিওথেরাপি ও স্বাস্থ্যসেবা প্রদান ক্যাম্প।
১৩ সেপ্টেম্বর (রবিবার): প্রতিবন্ধী উন্নয়ন ক্যাম্প পরিদর্শন এবং সপ্তাহব্যাপী আয়োজনের আনুষ্ঠানিক সমাপনী।
0 মন্তব্য