জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে ‘ভূমিসেবা মেলা-২০২৬’।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ভূমি ভবনে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মেলার মূল উদ্দেশ্য হলো ভূমিসেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে দ্রুত ও কার্যকর সেবা পৌঁছে দেওয়া।
এ উপলক্ষে সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, অতীতে ভূমি ব্যবস্থাপনা নিয়ে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা ছিল। মামলা-মোকদ্দমা, দালালচক্র, দীর্ঘসূত্রতা এবং দুর্নীতির কারণে বিশেষ করে গ্রামের মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতো।
তিনি বলেন, বর্তমান সরকার সেই পরিস্থিতি পরিবর্তনে কাজ করছে এবং স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা নিশ্চিত করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে।
ভূমিমন্ত্রী আরও জানান, নাগরিকরা যাতে ঘরে বসেই অধিকাংশ ভূমিসেবা গ্রহণ করতে পারেন এবং ভূমি অফিসে গিয়ে হয়রানির শিকার না হন, সে লক্ষ্যেই অটোমেশন কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন ডিজিটাল সেবা, অনলাইন আবেদন প্রক্রিয়া, নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন কর সম্পর্কিত তথ্য সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
0 মন্তব্য