স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের আর্থিক সক্ষমতা ও সঙ্গতি বিবেচনায় তাদের যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে পূরণ করা হবে।
রবিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মিলনায়তনে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত ‘প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভা’য় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অবসরোত্তর পদোন্নতির নতুন নীতিমালা
স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, বর্তমানে অনেক পুলিশ সদস্য দীর্ঘ চাকরি শেষে অবসর নিলেও কাঙ্ক্ষিত পদোন্নতি পান না। এ বিষয়টি বিবেচনায় নিয়ে বিশেষ নীতিমালার মাধ্যমে অবসরকালীন সময়ে সন্তোষজনক চাকরির রেকর্ডের ভিত্তিতে পদোন্নতির সুযোগ দেওয়া হবে।
নতুন পরিকল্পনা অনুযায়ী কনস্টেবল থেকে অনারারি সহকারী উপপরিদর্শক (এএসআই), এএসআই থেকে অনারারি উপপরিদর্শক (এসআই) এবং এসআই থেকে অনারারি পরিদর্শক (ইন্সপেক্টর) পদে পদোন্নতির সুযোগ রাখা হবে বলে তিনি জানান।
ওভারটাইম ভাতা চালুর ভাবনা
তিনি আরও বলেন, অতিরিক্ত কর্মঘণ্টায় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য ওভারটাইম ভাতা চালুর বিষয়টি সরকার বিবেচনা করছে। ইন্সপেক্টর থেকে কনস্টেবল পর্যন্ত সকল পর্যায়ের সদস্যদের জন্য এই সুবিধা প্রযোজ্য হতে পারে বলে তিনি উল্লেখ করেন।
পুলিশ হাসপাতাল ও আবাসন উন্নয়ন
পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতালকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। পাশাপাশি নতুন হাসপাতাল নির্মাণের বিষয়টিও বিবেচনায় রয়েছে।
এছাড়া পুলিশের বিভিন্ন ইউনিটের ভবন, কার্যালয় নির্মাণ এবং আবাসন সংকট নিরসনে ভূমি অধিগ্রহণসহ প্রয়োজনীয় অর্থ বরাদ্দকে সরকারের অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অভিযান
স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, গত দুই মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। পরিস্থিতি আরও উন্নত করতে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
সাইবার অপরাধ ও নতুন আইন প্রণয়ন
তিনি জানান, তথ্যপ্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে অপরাধের ধরন পরিবর্তিত হয়েছে। এ কারণে সাইবার ক্রাইম, অনলাইন জুয়া ও মানি লন্ডারিং প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশ অনুযায়ী নতুন আইন প্রণয়ন করা হবে।
মব কালচার বন্ধে কঠোর অবস্থান
স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, মব কালচার সম্পূর্ণভাবে বন্ধ করতে বিদ্যমান আইন সংশোধন ও সংযোজন করা হবে। তিনি পুলিশ বাহিনীকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ দেন।
অনুষ্ঠানে উপস্থিত
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন আইজিপি আলী হোসেন ফকির এবং ধন্যবাদ জ্ঞাপন করেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম বিপিএম
0 মন্তব্য