যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক গবেষণা প্রকাশনা সংস্থা এলসেভিয়ারের (Elsevier) প্রকাশিত ২০২৬ সালের বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর (World’s Top 2% Scientists) মর্যাদাপূর্ণ তালিকায় স্থান পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ১১ জন শিক্ষক ও গবেষক।
এই অর্জনের মাধ্যমে দেশের বিশেষায়িত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম এবং সরকারি-বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে সামগ্রিকভাবে ষষ্ঠ অবস্থান অর্জন করেছে যবিপ্রবি।
গবেষকদের সাইটেশন, এইচ-ইনডেক্সসহ বিভিন্ন একাডেমিক সূচক বিশ্লেষণ করে প্রতিবছর বিশ্বব্যাপী বিজ্ঞানীদের এই তালিকা প্রকাশ করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে দেশীয় ও আন্তর্জাতিক গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তালিকাটি তৈরি করা হয়।
বছরভিত্তিক বাড়ছে যবিপ্রবির গবেষক
গত কয়েক বছরের তুলনায় ২০২৬ সালে যবিপ্রবির গবেষণায় উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে। বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গবেষণার ট্র্যাক রেকর্ড অনুযায়ী, আন্তর্জাতিক এই তালিকায় যবিপ্রবির অবস্থান ধারাবাহিকভাবে ঊর্ধ্বমুখী।
২০২৫ সালে যবিপ্রবি থেকে এই তালিকায় স্থান পেয়েছিলেন ৯ জন গবেষক। এর আগে ২০২৪ সালে ৩ জন, ২০২৩ সালে ৩ জন, ২০২২ সালে ৩ জন এবং ২০২১ সালে ৪ জন গবেষক তালিকায় স্থান পান।
২০২৬ সালে ১১ জন শিক্ষক ও গবেষকের স্থান পাওয়াকে বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে ধারাবাহিক উন্নয়ন ও অগ্রগতির প্রতিফলন হিসেবে দেখছে যবিপ্রবি কর্তৃপক্ষ।
তালিকায় যবিপ্রবির ১১ গবেষক
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পাওয়া যবিপ্রবির গবেষকরা হলেন—
১. আমিনুল ইসলাম — Energy
২. মো. সাইফুল ইসলাম — Nanoscience & Nanotechnology
৩. এম. জেড. এইচ. খান — Analytical Chemistry
৪. ইমরান খান — Energy
৫. মো. মশিউর রহমান — Environmental Sciences
৬. এম. আর. সাইবুর — Environmental Sciences
৭. মো. বিপ্লব হোসেন — Optoelectronics & Photonics
৮. তরিকুল ইসলাম — Polymers
৯. পার্থ কুমার বিশ্বাস — Medicinal & Biomolecular Chemistry
১০. মোহাম্মদ তানভীর আহমেদ — Applied Physics
১১. মো. আমজাদ হোসেন — Optoelectronics & Photonics
গবেষণায় সহায়তা বাড়ানোর অঙ্গীকার
গবেষণায় আর্থিক সহায়তা ও স্বচ্ছতা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করে যবিপ্রবির ট্রেজারার অধ্যাপক ড. মো. ফারুক হাসান বলেন, এই গৌরবময় অর্জন যবিপ্রবি পরিবারের সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। নতুন প্রশাসনের অগ্রাধিকার থাকবে গবেষণার এই উন্নয়নের ধারা ধরে রাখা।
তিনি বলেন, শিক্ষা ও গবেষণা কার্যক্রমে অর্থ বরাদ্দের সুষম ও দক্ষ ব্যবহার নিশ্চিত করতে প্রশাসন সর্বদা সচেষ্ট থাকবে।
গবেষক শিক্ষক ও শিক্ষার্থীদের উৎসাহিত করে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ মাহমুদুল হাসান বলেন, গবেষণায় এই ধারাবাহিক সাফল্য অত্যন্ত আনন্দের। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সুবিধা ও প্রণোদনা দেওয়া হবে।
তিনি আরও বলেন, এখন থেকে রিসার্চ সেলের মাধ্যমে অনার্স ও মাস্টার্স—উভয় পর্যায়ে প্রতিটি বিভাগে গবেষণা প্রকল্পে অর্থায়ন করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্বমানের গবেষণাপত্র প্রকাশের সুযোগ পাবে এবং বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং ও সুনাম আরও এগিয়ে যাবে।
আন্তর্জাতিক এই স্বীকৃতিতে যবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তালিকায় স্থান পাওয়া গবেষকদের অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে।
0 মন্তব্য