মিরপুর টেস্টে তৃতীয় দিনের শুরুটা ছিল পাকিস্তানের দখলে। তবে কিছুক্ষণের মধ্যেই দৃশ্যপট বদলে দেন বাংলাদেশের বোলাররা। মাত্র ১৭ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সফরকারীরা।
দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দিন শেষ করেছিল পাকিস্তান। তৃতীয় দিনের সকালে কোনো উইকেট না হারিয়েই দলটি পৌঁছে যায় ২১০ রানে। এরপরই শুরু হয় বাংলাদেশের দারুণ প্রত্যাবর্তন।
প্রথম আঘাত হানেন তাসকিন আহমেদ। তিনি ফিরিয়ে দেন ওপেনার আজান ওয়াইসকে। অভিষিক্ত এই ব্যাটার সেঞ্চুরি পূরণের পরই স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দেন। এরপর পাকিস্তান অধিনায়ক শান মাসুদকেও সাজঘরে ফেরান তাসকিন। অফ
স্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে শর্ট পয়েন্টে সাদমান ইসলামের দারুণ ক্যাচে আউট হন মাসুদ। তিনি করেন ১৭ বলে ৯ রান।
এরপর আক্রমণে এসে জোড়া আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। প্রথমে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন সৌদ শাকিলকে। পরে থিতু হয়ে যাওয়া আব্দুল্লাহ ফজলকেও ফেরান তিনি। মিরাজের বলে তাইজুল ইসলামের হাতে ক্যাচ দেওয়ার আগে ১২০ বলে ৬০ রান করেন ফজল। ফলে সকালের সেশনেই দ্রুত ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান।
অবশ্য বাংলাদেশের সামনে পঞ্চম উইকেটের সুযোগও এসেছিল। তাসকিন আহমেদের বলে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দেন সালমান আলী আগা। তবে বল করার সময় ক্রিজের বাইরে পা চলে যাওয়ায় নো বল ডাকেন আম্পায়ার। ফলে আউট হয়েও জীবন পান সালমান।
0 মন্তব্য