মোঃ আদর আলী, পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের তিন গ্রামে ভয়াবহ শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে কৃষকের ফসল নষ্ট হওয়ার পাশাপাশি বসতবাড়ির টিনের চাল ফুটো হয়ে গেছে। ঘরবাড়ি ও ফসল হারিয়ে ঋণের বোঝায় দিশেহারা হয়ে পড়েছেন শত শত পরিবার। অনেককে খোলা আকাশের নিচে পলিথিন ও ক্ষতিগ্রস্ত ঘরের নিচে রাত কাটাতে হচ্ছে।
গত ১১ ফেব্রুয়ারি ২০২৬, মাগরিবের আজানের পরপরই হাড়িভাসা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড়দরগা, ডন্ডরাখাতা ও টিয়াপাড়া গ্রামের ওপর দিয়ে বয়ে যায় নজিরবিহীন শিলাবৃষ্টি। মুহূর্তের মধ্যেই লন্ডভন্ড হয়ে যায় খেটে খাওয়া মানুষের সাজানো সংসার।
স্থানীয়দের ভাষ্য, আকাশ থেকে বড় বড় পাথরের মতো শিলা পড়তে থাকায় ঘরের টিনের চাল ফুটো হয়ে যায়। শিলার আঘাতে ঘরের ভেতরে ঢুকে পড়ে বৃষ্টির পানি ও বরফের স্তূপ। এতে নারী ও শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে। অনেক পরিবারকে সারা রাত কাটাতে হয়েছে নির্ঘুম ও আতঙ্কের মধ্যে।
ডন্ডরাখাতা গ্রামের কৃষক হাসিবুল ইসলামের কষ্ট যেন আরও বেশি। ব্যাংক, এনজিও ও মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে আবাদ করেছিলেন জমি। কিন্তু শিলাবৃষ্টিতে চোখের পলকেই নষ্ট হয়ে গেছে তাঁর সোনার ফসল।
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘এখন আমরা কীভাবে এই পাহাড়সম দেনা শোধ করব?’ ঋণ পরিশোধের কোনো উপায় খুঁজে না পেয়ে সন্তানদের বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েছেন তিনি। তাঁর মতো আরও অনেক কৃষক এখন একই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।
বড়দরগা গ্রামের শহিদুল ইসলাম ও টিয়াপাড়া গ্রামের আবু তাহেরের মতো শত শত মানুষের ঘরের চাল শিলার আঘাতে ছিদ্র হয়ে গেছে। বৃষ্টির পানি ঢুকে ভিজে গেছে বিছানাপত্র ও আসবাব। ফলে রাতভর ঘুমাতে পারেননি তাঁরা। কেউ চেয়ারে বসে, আবার কেউ ঘরের এক কোণে আশ্রয় নিয়ে রাত পার করেছেন।
শুধু বসতবাড়িই নয়, ব্যাপক ক্ষতি হয়েছে কৃষি খাতেও। ঋণ নিয়ে এবং আবাদি জমি বন্ধক রেখে চাষ করা ধান ও শাকসবজির ক্ষেত শিলাবৃষ্টিতে মাটির সঙ্গে মিশে গেছে। এতে উৎপাদন খরচ তো দূরের কথা, ঋণের টাকা কীভাবে পরিশোধ করবেন—তা নিয়েই দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
বর্তমানে তিন গ্রামের অনেক পরিবার পলিথিন দিয়ে ক্ষতিগ্রস্ত ঘরের চাল ঢেকে কোনো রকমে দিন কাটাচ্ছে। কনকনে ঠান্ডার মধ্যে সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তাঁরা।
শিলাবৃষ্টির আঘাতে ফসল ও বসতবাড়ি হারিয়ে এসব মানুষের সামনে এখন অনিশ্চিত ভবিষ্যৎ। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘুরে দাঁড়াতে প্রয়োজন জরুরি সহায়তা, ঘরবাড়ি মেরামতের ব্যবস্থা এবং কৃষকদের জন্য আর্থিক সহযোগিতা।
0 মন্তব্য