স্বল্প পুঁজি বিনিয়োগ করেও গড়ে তোলা সম্ভব লাভজনক নার্সারি ব্যবসা। শুধু গ্রামাঞ্চল নয়, শহরের বাড়ির ছাদেও নার্সারি গড়ে তুলে হতে পারেন সফল উদ্যোক্তা। ফুল, ফল, বনজ ও ভেষজ গাছের চারার বাড়তি চাহিদাকে কাজে লাগিয়ে এ ব্যবসায় তৈরি হচ্ছে আয়ের নতুন সম্ভাবনা।
সামনে শীত মৌসুম। এ সময় বিভিন্ন জাতের ফুলের চারা উৎপাদন ও বিক্রির ভালো সুযোগ রয়েছে। গোলাপ, গাঁদা, ডালিয়া, চন্দ্রমল্লিকাসহ নানা ধরনের ফুলের গাছের পাশাপাশি আম, জাম, কাঁঠাল, নারিকেলসহ বিভিন্ন ফলদ গাছের চারারও বাজারে চাহিদা রয়েছে।
গ্রামাঞ্চলে নিজের কৃষিজমি থাকলে মাত্র ২৫ হাজার টাকা পুঁজি দিয়েও ছোট পরিসরে নার্সারি ব্যবসা শুরু করা সম্ভব। তবে বাণিজ্যিকভাবে নার্সারি গড়ে তুলতে হলে পানি সরবরাহের সুবিধা রয়েছে—এমন স্থান নির্বাচন করা জরুরি। উর্বর বেলে-দোআঁশ বা দোআঁশ মাটি নার্সারির জন্য বেশি উপযোগী।
নার্সারি ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় অবকাঠামোর মধ্যে রয়েছে নার্সারি শেড, নেট হাউস, মিস্ট হাউস, প্রপাগেশন হাউস ও কীটনাশক সংরক্ষণাগার। পাশাপাশি বিদ্যুৎ, সেচব্যবস্থা, পানি নিষ্কাশন নালা এবং চলাচলের উপযোগী অভ্যন্তরীণ রাস্তা থাকা প্রয়োজন।
ব্যবসায় সফল হতে গাছের নিয়মিত পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শীতকালে সাধারণত এক দিন পরপর এবং বর্ষাকালে প্রয়োজন অনুযায়ী গাছে পানি দিতে হয়। চারাগাছ যেন পর্যাপ্ত আলো-বাতাস পায়, সেদিকেও নজর রাখতে হবে। প্রতি মাসে একবার চারার গোড়ার মাটি আলগা করা এবং তিন মাস পরপর মাটিতে সার ও খৈল প্রয়োগ করা ভালো।
এ ছাড়া গাছের পরিচর্যা ও উৎপাদন কার্যক্রম পরিচালনায় দক্ষ কর্মী প্রয়োজন। প্রশিক্ষণের মাধ্যমে যে কেউ নার্সারি ব্যবস্থাপনা ও চারা উৎপাদনের কাজ হাতে-কলমে শিখতে পারেন।
শহর বা শহরতলির কাছাকাছি বাণিজ্যিক নার্সারি গড়ে তুললে ক্রেতাদের কাছে সহজে চারা সরবরাহ করা যায়। অন্যদিকে, বাড়ির ছাদেও টবের মাধ্যমে প্রায় সব ধরনের গাছ চাষ করা সম্ভব। পর্যাপ্ত পানি সরবরাহ ও ছায়ার ব্যবস্থা থাকলে প্রায় দেড় হাজার বর্গফুটের ছাদেও পূর্ণাঙ্গ নার্সারি গড়ে তোলা যায়।
ব্যবসার আকার ও ব্যবস্থাপনার ওপর নির্ভর করে নার্সারি থেকে উল্লেখযোগ্য মুনাফা অর্জনের সুযোগ রয়েছে। সম্ভাব্য হিসাব অনুযায়ী, সব খরচ বাদ দিয়ে ছোট নার্সারিতে বছরে ১ থেকে ২ লাখ, মাঝারি নার্সারিতে ৫ থেকে ১০ লাখ এবং বড় নার্সারিতে ১৫ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত লাভ হতে পারে।
সঠিক পরিকল্পনা, মানসম্মত চারা উৎপাদন, নিয়মিত পরিচর্যা ও বাজারের চাহিদা বিবেচনায় নার্সারি ব্যবসা হতে পারে স্বাবলম্বী হওয়ার একটি সম্ভাবনাময় মাধ্যম।
0 মন্তব্য