সৌদি আরবের নিরাপত্তা জোরদার করতে কয়েক মাস আগেই দেশটিতে সেনা, যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন করেছে মিসর। পাশাপাশি লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছেও যুদ্ধজাহাজ পাঠিয়েছে কায়রো। তবে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে স্থল অভিযানে অংশ নেওয়া নিয়ে মিসরের সামরিক নেতৃত্বের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে।
মিসরের সামরিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।
প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবে মিসরের মোতায়েন করা সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে এক স্কোয়াড্রন রাফাল যুদ্ধবিমান, আটটি হেলিকপ্টার ও চারটি বড় পরিবহণ বিমান। এ ছাড়া সৌদি আরবের পূর্ব ও দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে স্কাইগার্ড-আমুনসহ কয়েকটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পুনরায় মোতায়েন করা হয়েছে।
পাশাপাশি মিসরের যুদ্ধজাহাজগুলো লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি অবস্থান নিয়েছে। আন্তর্জাতিক নৌবাণিজ্য ও সুয়েজ খালের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে।
মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি সোমবার ফ্রান্স ২৪-কে দেওয়া সাক্ষাৎকারে সৌদি আরবে সামরিক উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে সৌদি আরবে হামলার পর কয়েক মাস আগেই মিসরের সামরিক উপস্থিতি শুরু হয়েছিল। বর্তমানে তা আরও জোরদার করা হচ্ছে।
এর আগে গত ১৭ অক্টোবর সৌদি আরবের প্রতিরক্ষায় প্রয়োজনে সেনা পাঠানোর অনুমোদন দিতে পার্লামেন্টের প্রতি আহ্বান জানান মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। পরে ২৬ অক্টোবর পার্লামেন্টের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থনে প্রস্তাবটি অনুমোদিত হয়।
তবে ইয়েমেনে সরাসরি স্থল অভিযানে অংশ নেওয়া নিয়ে সামরিক নেতৃত্বের মধ্যে মতপার্থক্য রয়েছে। এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার দাবি, সিসি সৌদি অভিযানে সরাসরি অংশ নেওয়ার পক্ষে। তার মতে, লোহিত সাগর, সুয়েজ খাল ও মিসরের পানিনিরাপত্তা রক্ষায় হুথিদের সামরিক সক্ষমতা দুর্বল করা জরুরি।
অন্যদিকে, আরেক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, মিসরের সশস্ত্র বাহিনী ও জাতীয় প্রতিরক্ষা পরিষদের সদস্যরা ইয়েমেনে স্থল অভিযানে অংশ না নেওয়ার পক্ষে একমত হয়েছেন।
এ ক্ষেত্রে অতীতের অভিজ্ঞতাও মিসরের জন্য গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। ১৯৬২ সালে ইয়েমেনের গৃহযুদ্ধে তৎকালীন প্রেসিডেন্ট গামাল আবদেল নাসের হাজার হাজার সেনা পাঠিয়েছিলেন। দীর্ঘ সাত বছরের ওই যুদ্ধে বহু মিসরীয় সেনা নিহত হন।
এ ছাড়া সৌদি আরবের আর্থিক সহায়তাও কায়রোর বিবেচনায় রয়েছে বলে দাবি করেছেন এক সামরিক কর্মকর্তা। সম্প্রতি মিসরের কেন্দ্রীয় ব্যাংকে সৌদির ৫৩০ কোটি ডলারের আমানত আরও এক বছরের জন্য নবায়নের খবর প্রকাশিত হয়েছে। তবে এর সঙ্গে মিসরের সামরিক সিদ্ধান্তের সরাসরি কোনো যোগসূত্রের প্রমাণ পাওয়া যায়নি।
সব মিলিয়ে, ইয়েমেনে স্থলযুদ্ধে জড়ানোর পরিবর্তে বিমান ও নৌ অভিযানের মাধ্যমে হুথিদের সামরিক অবকাঠামো দুর্বল করার কৌশল নিতে পারে মিসর। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে আঞ্চলিক পরিস্থিতি ও সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির ওপর।
0 মন্তব্য