তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শেরে বাংলা এ. কে. ফজলুল হক শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না; তিনি ছিলেন বাঙালি মুসলমানদের শিক্ষা, অধিকার ও সামাজিক মুক্তির অন্যতম অগ্রদূত।
শনিবার (২৩ মে) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে শেরে বাংলা এ.কে. ফজলুল হক ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী তার পারিবারিক স্মৃতির কথা উল্লেখ করে বলেন, তার দাদা কৃষক প্রজা পার্টির সঙ্গে যুক্ত ছিলেন এবং শেরে বাংলার ঘনিষ্ঠ সহচর ছিলেন। শৈশব থেকেই শেরে বাংলার সংগ্রাম ও সমাজ সংস্কারের গল্প শুনে তিনি রাজনীতিতে অনুপ্রাণিত হন বলেও জানান।
তিনি আরও বলেন, ১৯৩৭ সালে অবিভক্ত বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শেরে বাংলা কৃষক সমাজের ঋণমুক্তি ও জমিদারি প্রথা বিলোপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর নেওয়া উদ্যোগগুলো পরবর্তীতে সামাজিক পরিবর্তনের ভিত্তি তৈরি করে।
মন্ত্রী শেরে বাংলার আদর্শ ও কর্ম নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে গবেষণা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি প্রকৌশলী মো. আবু হানিফ সভাপতিত্ব করেন এবং প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার শিশুদের মাঝে ঈদ সহায়তা বিতরণ করা হয়।
0 মন্তব্য