ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর আজ প্রথমবারের মতো দলের সাংগঠনিক দায়িত্বশীল নেতাদের নিয়ে মতবিনিময়সভা করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সভায় উপস্থিত থাকবেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
দীর্ঘ পাঁচ মাসের বেশি সময় পর এ সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কর্মসূচিতে ফিরছে বিএনপি। আজ শনিবার সকাল ১০টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন–এ দিনব্যাপী এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হবে।
গতকাল শুক্রবার সভার প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি জানান, বিএনপি এবং এর তিন অঙ্গসংগঠন—জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী ছাত্রদল ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল–এর জেলা ও মহানগর পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এ সভার আয়োজন করা হয়েছে।
রিজভী সাংবাদিকদের বলেন, সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া দলের মহাসচিবসহ জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত থাকবেন।
মতবিনিময়সভায় সারা দেশের জেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেবেন। তাঁরা সাংগঠনিক কার্যক্রম, মাঠপর্যায়ের পরিস্থিতি এবং সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে নিজেদের মতামত তুলে ধরবেন। পাশাপাশি সরকার দায়িত্ব নেওয়ার পর গত দুই থেকে তিন মাসে নেওয়া বিভিন্ন উদ্যোগ ও চলমান কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীরা বিশ্লেষণধর্মী তথ্য উপস্থাপন করবেন।
দলীয় সূত্রে জানা গেছে, এ মতবিনিময়সভার মূল লক্ষ্য নেতাকর্মীদের পুনরায় সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় করা এবং দলকে আরও গতিশীল করে তোলা। একই সঙ্গে সংগঠন পুনর্গঠন, তৃণমূলের সঙ্গে কেন্দ্রের সমন্বয় জোরদার এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতিও নতুন রাজনৈতিক বার্তা দিতে চায় বিএনপি।
0 Comments