সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর একটি মামলায় হাইকোর্ট থেকে স্থায়ী জামিন পেলেও একটি হত্যা মামলায় তার জামিন আবেদন খারিজ করা হয়েছে। একই সঙ্গে সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন তিনটি মামলায় স্থায়ী জামিন পেয়েছেন। অন্যদিকে চাঁদাবাজি মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবুর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৫ মে) পৃথক পাঁচটি জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।
আদালতে আসামিপক্ষ অসুস্থতা ও দীর্ঘদিন কারাবাসের বিষয়টি তুলে ধরে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে নীলফামারীতে দুটি মামলা রয়েছে—একটি গাড়িচাপায় সিদ্দিক আলী হত্যা এবং অন্যটি বিএনপি নেতা গোলাম রাব্বানী হত্যা। এর মধ্যে রাব্বানী হত্যা মামলায় তিনি জামিন পেলেও সিদ্দিক আলী হত্যা মামলায় তার আবেদন খারিজ করা হয়েছে। এর আগে ‘জুলাই অভ্যুত্থান’ সংশ্লিষ্ট আরেকটি মামলাতেও একই আদালত নূরকে জামিন দিয়েছিলেন।
অন্যদিকে, নূরুল ইসলাম সুজনের বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী ও পঞ্চগড়ে দায়ের করা তিনটি হত্যা মামলায় হাইকোর্ট স্থায়ী জামিন মঞ্জুর করেছেন। তার আইনজীবীর ভাষ্য অনুযায়ী, উচ্চতর আদালতে এ আদেশ স্থগিত না হলে তার মুক্তিতে আর কোনো বাধা থাকবে না।
এদিকে, বনানী থানায় দায়ের করা একটি চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার সাংবাদিক মোজাম্মেল বাবুর জামিন আবেদন খারিজ করেছেন আদালত। মামলায় অভিযোগ রয়েছে, ২০০৭ সালে একটি টেলিভিশন প্রতিষ্ঠানে গিয়ে তার নেতৃত্বে অর্থ দাবি ও লুটপাটের ঘটনা ঘটে।
উল্লেখ্য, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে পৃথক সময়ে নূর, সুজন ও মোজাম্মেল বাবুকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তারা বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন।
0 Comments