চব্বিশের গণ-অভ্যুত্থানে নারায়ণগঞ্জ এ সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
একই সঙ্গে মামলার সূচনা বক্তব্য উপস্থাপন ও প্রথম সাক্ষীর জবানবন্দি গ্রহণের জন্য আগামী ১০ জুন দিন ধার্য করা হয়েছে।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।
শুরুতেই আসামিদের অভিযোগ থেকে অব্যাহতির আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। পরে বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা অভিযোগ পড়ে শোনান। এরপর আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দেওয়া হয়।
এর আগে মঙ্গলবার অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়ার কথা থাকলেও তা মুলতবি করা হয়েছিল।
গত ২৩ এপ্রিল আসামিপক্ষের আইনজীবীরা তাদের মক্কেলদের অব্যাহতি চেয়ে শুনানি করেন। এর আগে ১৯ এপ্রিল অভিযোগ গঠনের বিষয়ে শুনানি করে প্রসিকিউশন। সে সময় প্রসিকিউটর আব্দুস সাত্তার পালোয়ান আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তিনটি অভিযোগ তুলে ধরেন এবং আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন জানান।
শামীম ওসমান ছাড়া মামলার অন্য আসামিরা হলেন তার ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, অয়নের শ্যালক মিনহাজ উদ্দিন আহমেদ ভিকি, নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাব-এর সাবেক সভাপতি তানভীর আহমেদ টিটু, বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজ-এর নারায়ণগঞ্জ প্রতিনিধি রাজু আহমেদ, ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল করিম বাবু, ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামরুল হাসান মুন্না, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শাহ নিজাম উদ্দিন আহমেদ, যুবলীগ নেতা শাহাদাত হোসেন সাজনু এবং ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান রিয়াদ ও সোহানুর রহমান শুভ্র।
0 মন্তব্য