রাজধানীর মিরপুরের শাহ আলী মাজারে ভক্তদের ওপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন শেখ মো. সাজ্জাদুল হক রাসেল (৩৮), মো. আজম (৪০) এবং মো. আরমান দেওয়ান (২৯)।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানিয়েছেন, আহত রেশমি বেগম বাদী হয়ে ৯ জনকে আসামি করে মামলা করেছেন। মামলার এজাহার ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।
মামলার এজাহারে বাদী দাবি করেছেন, তিনি দীর্ঘদিন ধরে মাজারে স্বেচ্ছাসেবী হিসেবে যুক্ত ছিলেন। ঘটনার সময় একদল লোক মাজারে প্রবেশ করে ভাঙচুর চালায়, ধর্মীয় অনুষঙ্গ ক্ষতিগ্রস্ত করে এবং বাধা দিলে তাকে মারধর ও শ্লীলতাহানির শিকার হতে হয় বলেও অভিযোগ করা হয়েছে।
একই সঙ্গে অর্থ লুটপাটের অভিযোগও আনা হয়েছে।
এদিকে ঘটনাটিকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নিন্দা জানিয়ে দ্রুত বিচার ও তদন্তের দাবি জানিয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনার পূর্ণ তদন্ত চলছে এবং জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
0 মন্তব্য