মুন্সীগঞ্জের প্রবীণ বিএনপি নেতা, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা (৮৩) সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৫ মে) রাত ২টার দিকে তার মৃত্যু হয় বলে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা নিশ্চিত করেছেন।
তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন।
১৯৪৩ সালের ১৮ আগস্ট জন্মগ্রহণকারী সিনহা কর্মজীবনে ব্যাংকিং খাতে কাজ শুরু করেন এবং পরে পারিবারিক শিল্পপ্রতিষ্ঠান একমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুতে মুন্সীগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিএনপি নেতারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। মরদেহ দেশে আনার পর পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছে।
0 মন্তব্য