নিরাপত্তার স্বার্থে রাতে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এলাকায় অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এখন থেকে রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশের ক্ষেত্রে সংশ্লিষ্টদের অবশ্যই নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।
এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। বিজ্ঞপ্তিটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্ট দেশের বিচার বিভাগের সর্বোচ্চ প্রতিষ্ঠান এবং একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা এখানকার বিভিন্ন ভবনের কোর্টরুমে বিচারকার্য পরিচালনা করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি, উভয় বিভাগের বিচারপতি এবং মামলা পরিচালনায় নিয়োজিত আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে সুপ্রিম কোর্টের সার্বিক নিরাপত্তা বজায় রাখা জরুরি। এ কারণে এর আগে সুপ্রিম কোর্টে প্রবেশের সময় সংশ্লিষ্টদের নিজ নিজ পরিচয়পত্র বহনের নির্দেশনা দেওয়া হয়েছিল।
তবে সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, রাতে সুপ্রিম কোর্ট এলাকায় অপ্রত্যাশিত ব্যক্তিরা প্রবেশ করছেন। এতে আদালত এলাকার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এ অবস্থায় সুপ্রিম কোর্ট এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত প্রবেশের ক্ষেত্রে প্রত্যেককে অবশ্যই নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ জানিয়েছে প্রশাসন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জরুরি প্রয়োজনে এই সময়ে কেউ সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশ করলে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে এনআইডি কার্ড অথবা অফিসিয়াল পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।
সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে প্রশাসন।
0 মন্তব্য