নির্বাচিত সরকারকে বেকায়দায় ফেলতে পতিত সরকারের দোসররা নানা ধরনের অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তার দাবি, পতিত সরকারের দোসররা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে।
বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘একটি নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলতে এবং দেশকে অস্থিতিশীল করতে পতিত সরকারের দোসররা নানাভাবে অপচেষ্টা চালাচ্ছে। তারা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে।’
এ সময় দেশবাসীকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
রিজভী বলেন, বর্তমান সরকার কোনো ধরনের নৈরাজ্য ও অপরাধকে প্রশ্রয় দেবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের সরকার। কোনো নৈরাজ্য বা অপরাধমূলক কর্মকাণ্ডকে সরকার প্রশ্রয় দেবে না।
ডেঙ্গু সচেতনতা প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আগে থেকে সচেতন হওয়া গেলে ডেঙ্গু অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি জানান, বর্তমান সরকার সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে করার ব্যবস্থা করেছে।
রিজভী আরও জানান, ডেঙ্গুর বিস্তার রোধে পচা ও জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এসব স্থানে যেন এডিস মশার প্রজনন না হয় এবং ডেঙ্গু ছড়িয়ে পড়তে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
0 মন্তব্য