ইরান হরমুজ প্রণালির ওপর ‘পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়েছে’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ইরানের অর্থনীতি ‘সম্পূর্ণভাবে ধসে পড়ার পথে’ রয়েছে।
বুধবার এথেন্স সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, “হরমুজ প্রণালি খোলা রয়েছে। বর্তমানে সেখান দিয়ে প্রায় আগের মতোই তেল পরিবহন হচ্ছে। ফলে প্রণালিটির ওপর ইরান তাদের পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়েছে।”
তিনি বলেন, ‘কঠোর’ নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি এমন এক পর্যায়ে পৌঁছাতে যাচ্ছে, যে অবস্থায় বিশ্বের খুব কম দেশই কখনো পড়েছে।
রুবিও দাবি করেন, ‘উগ্র শিয়া ধর্মীয় নেতাদের’ কাছে যাওয়া প্রতিটি ডলার হিজবুল্লাহ ও হামাসের পেছনে ব্যয় করা হয়।
তিনি বলেন, “ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না—বিষয়টি এতটাই সরল। শেষ কথা হলো, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না।”
রুবিও আরও বলেন, যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য কোনো চুক্তিতে ইরান সম্মত হলে সেখানে এমন নিশ্চয়তা থাকতে হবে, যাতে দেশটি কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে।
তার ভাষ্য, ইরান এমন একটি প্রচলিত সামরিক সক্ষমতা গড়ে তোলার চেষ্টা করছিল, যা এতটাই শক্তিশালী হবে যে দেশটিকে তখন আর সহজে মোকাবিলা করা সম্ভব হবে না।
সূত্র: আরব নিউজ
0 মন্তব্য