চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ১৫ বছরের জন্য পরিচালনার দায়িত্ব দিতে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে কনসেশন চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৩টায় ইনভেস্টমেন্ট বাংলাদেশ মিলনায়তনে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী এবং ডিপি ওয়ার্ল্ডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইসা কাজিম।
চট্টগ্রাম বন্দরের চারটি প্রধান কনটেইনার টার্মিনালের মধ্যে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সবচেয়ে বড়। গত অর্থবছরে এ টার্মিনালের মাধ্যমে প্রায় ১৩ লাখ ৮৫ হাজার একক কনটেইনার ওঠানো-নামানো হয়েছে। যা চট্টগ্রাম বন্দরের মোট কনটেইনার পরিবহনের প্রায় ৪৪ শতাংশ।
এর আগে এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরের মাধ্যমে পরিচালনার লক্ষ্যে কনসেশন চুক্তির খসড়া গত ১ অক্টোবর নীতিগতভাবে অনুমোদন করা হয়।
সংশ্লিষ্টরা বলছেন, প্রতিবেশী ও আশপাশের দেশগুলোর তুলনায় চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমে বেশি সময় লাগায় এর নেতিবাচক প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতে। বন্দর পরিচালনায় দক্ষতা ও গতি বাড়ানোর পাশাপাশি পণ্য খালাসের সময় কমানোর লক্ষ্যেই এনসিটি বিদেশি অপারেটরের মাধ্যমে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
এই প্রক্রিয়ার অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের সময়ে এনসিটি টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের কাছে দীর্ঘমেয়াদি পরিচালনার জন্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন অপারেটরের মাধ্যমে টার্মিনালের সক্ষমতা ও কার্যকারিতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
0 মন্তব্য