৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে লাল বলের ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল)। চার দিনের এই টুর্নামেন্ট শেষের পর মাঠে গড়াবে ওয়ানডে এবং সর্বশেষ আয়োজিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটের আসর।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আদলে আয়োজিত হতে যাওয়া ঘরোয়া ক্রিকেটের এই সমন্বিত প্রতিযোগিতায় রাখা হয়েছে প্রথম শ্রেণি, লিস্ট ‘এ’ ওয়ানডে এবং লিস্ট ‘এ’ টি-টোয়েন্টি।
ওয়ানডে ও টি-টোয়েন্টি লিগের ম্যাচগুলোর জন্য ইতোমধ্যে ছয়টি দলের মালিকানা স্বত্ব বাংলাদেশের বিভিন্ন করপোরেট ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে তিন বছরের জন্য দলগুলোর স্বত্ব দেওয়া কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে ঘরোয়া ক্রিকেটের নতুন এই কাঠামোয় সরাসরি বিসিবির ব্যবস্থাপনার পাশাপাশি করপোরেট প্রতিষ্ঠানগুলোর সম্পৃক্ততা বৃদ্ধি পাবে।
নতুন এই টুর্নামেন্ট উপলক্ষে আজ (রবিবার) সন্ধ্যা ৭টায় রাজধানীর একটি পাঁচতারা হোটেলে বসছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। শুরুতে এই প্রতিযোগিতার নাম ‘বাংলাদেশ ফার্স্ট’ রাখার সিদ্ধান্ত হলেও শেষ মুহূর্তে তা পরিবর্তন করা হচ্ছে। টুর্নামেন্টটির নতুন নাম হতে পারে ‘ডি থ্রি ট্রফি’, যার পূর্ণ রূপ ‘ডমেস্টিক থ্রি টুর্নামেন্ট’।
আগামী ১২ ডিসেম্বর বরিশালের শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে টি-টোয়েন্টি সংস্করণের ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে মাঠে গড়াবে এই ট্রফি।
একই ভেন্যুতে আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের জমকালো ফাইনাল। বিসিবির এই সমন্বিত টুর্নামেন্টে ফরচুন গ্রুপ, ব্লু স্টার লিমিটেড, সিটিজেন ব্যাংক, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, একমি ল্যাবরেটরিজ এবং নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের দল নেওয়া নিশ্চিত বলে জানা গেছে।
0 মন্তব্য