হরমুজ প্রণালি বন্ধ থাকায় জ্বালানির দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে বাজারে সরবরাহ বাড়াতে জরুরি মজুদ থেকে আরও প্রায় ১০ কোটি ব্যারেল তেল ছাড়তে সম্মত হয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) সদস্য দেশগুলো।
আইইএর নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল জানিয়েছেন, সদস্য দেশগুলো ২০২৬ সালের মার্চে নেওয়া যৌথ সিদ্ধান্ত বাস্তবায়নে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
ওই সিদ্ধান্তের আওতায় ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে সৃষ্ট সরবরাহ সংকট মোকাবিলায় জরুরি মজুদ থেকে ৪০ কোটি ব্যারেল তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি বাজারে সরবরাহ বাড়াতে জি-৭ দেশগুলোর ওপর চাপ বাড়িয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরবরাহ না বাড়ালে যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানি নিষিদ্ধ করতে পারে বলেও তিনি হুমকি দিয়েছিলেন। এর পর আগামী শুক্রবার জি-৭ দেশগুলো প্রায় ১০ কোটি ব্যারেল তেল ছাড়ার সিদ্ধান্ত নেয়।
এক বিবৃতিতে ফাতিহ বিরোল বলেন, যৌথ সিদ্ধান্তের আওতায় এরই মধ্যে প্রায় ৩২ কোটি ৫০ লাখ ব্যারেল তেল বাজারে ছাড়া হয়েছে। প্রতিশ্রুত কিন্তু এখনো বাজারে না আসা মজুদের পুরোটা ছাড়লে আরও প্রায় ১০ কোটি ব্যারেল তেল সরবরাহ করা সম্ভব হবে।
তিনি জানান, আইইএর কয়েকটি সদস্য দেশ প্রাথমিকভাবে প্রতিশ্রুত পরিমাণের চেয়েও বেশি তেল বাজারে ছেড়েছে। বর্তমানে আইইএভুক্ত দেশগুলোর সরকারি জরুরি তেল মজুদের পরিমাণ প্রায় ১১০ কোটি ব্যারেল। এর মধ্যে ২০ কোটিরও বেশি ব্যারেল ডিজেল রয়েছে।
0 মন্তব্য