রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় বিচার কার্যক্রম আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যেই শেষ হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি বলেন, অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।
রোববার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে নির্যাতন ও ধর্ষণের ঘটনা সহ্যের সীমা অতিক্রম করছে। এসব ঘটনায় দ্রুত আসামিদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে সরকার কাজ করছে এবং কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
তিনি জানান, রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তকে ঘটনার সাত ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। আজই মামলার চার্জশিট দাখিল করা হবে বলেও জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, “৫ থেকে ৭ দিনের মধ্যেই বিচার সম্পন্ন হবে এবং আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।”
সংলাপে তিনি আরও জানান, ঢাকায় বর্তমানে প্রায় ৮০ হাজার মাদক মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া অনলাইন ও অফলাইন সব ধরনের জুয়া ও বেটিং নিয়ন্ত্রণে সরকার নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এ জন্য ১৮৬৭ সালের প্রচলিত আইন সংস্কার করে আগামী সংসদ অধিবেশনেই নতুন আইন উত্থাপন করা হবে।
এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার প্রত্যাশার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ভারত বন্দী বিনিময় চুক্তির আওতায় তাকে ফেরত দেবে বলে সরকারের আশা।
সংলাপে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক এবং সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।
0 মন্তব্য