রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, অপরাধীদের শুধুমাত্র অপরাধী হিসেবেই বিবেচনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “দুর্নীতি ও সন্ত্রাসের ঘটনাকে রাজনৈতিক পরিচয়ে নয়, ব্যক্তি হিসেবে বিবেচনা করুন।”
সোমবার (১১ মে) দুপুরে পুলিশ সপ্তাহ উপলক্ষে নিজ কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, পুলিশ বাহিনী সরকারের আয়না। সরকার পুলিশকে সত্যিকার অর্থে একটি জনবান্ধব ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে চায়।
প্রধানমন্ত্রী আরও বলেন, “সমৃদ্ধ, স্বনির্ভর ও মানবিক বাংলাদেশ গড়া শুধু একটি স্লোগান নয়, এটি বাস্তবায়নের জন্য সরকারের আন্তরিক অঙ্গীকার।”
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদস্যদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে পুলিশকে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
এ সময় কেউ যেন সাম্প্রদায়িক উসকানি, নাশকতা কিংবা অস্থিতিশীলতা তৈরির কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন সরকারপ্রধান।
0 মন্তব্য