প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সভা শেষে বাইরে গিয়ে এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী তাদের নিয়ে সমালোচনা করলেও নির্বাচন কমিশন এতে ক্ষুব্ধ নয়।
সোমবার রিপোটার্স ফোরাম ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি’র (আরএফইডি) নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, মিটিং শেষ করে বাইরে গিয়ে আমাদের গালিগালাজ করেছেন উনি। তবে আমরা একদমই ক্ষুব্ধ নই। আমরা পাটওয়ারীর গালিতে অভ্যস্ত। আপনাদের কাছে নতুন হতে পারে, আমাদের কাছে না। উনার কথা শুনতে শুনতে আমরা রেজিস্ট্যান্স হয়ে গেছি।
তিনি আরও বলেন, অতীতের নির্বাচন নিয়ে বিচার করার দায়িত্ব দেশের জনগণের ওপরই ছেড়ে দিচ্ছেন তারা। যে নির্বাচন হয়েছে তার বিচারের ভার দেশবাসীর ওপরে। আমরা সেটা মূল্যায়নে যাচ্ছি না।
এর আগে একই অনুষ্ঠানে সিইসির উপস্থিতিতে নাসীরুদ্দীন পাটওয়ারী মন্তব্য করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে “ইঞ্জিনিয়ারিং” হলে বর্তমান নির্বাচন কমিশনের বিচার হবে।
এ প্রসঙ্গে সিইসি বলেন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া কোনো নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব নয়। তিনি উদাহরণ দিয়ে বলেন,
“ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষ দাঁড়ালে তো কারবালা হয়ে যাবে। তাই দলগুলোকে বসে ফয়সালা করতে হবে।”
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, দলীয় মনোনয়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর সক্রিয়তা কমিশনের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তবে নির্বাচন কমিশন শতভাগ স্বচ্ছতার আশ্বাস দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
নারী ভোটারদের প্রসঙ্গে সিইসি বলেন, এখনো দেশের একটি অংশের নারী ভোটার তালিকার বাইরে রয়েছে। এ বিষয়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন,
“১৩ কোটি ভোটার সামলানো ছোট বিষয় নয়। বিপ্লবের পরে পুলিশসহ অনেক প্রতিষ্ঠান ঠিকভাবে কাজ করেনি। তারপরও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রত্যাশা ছিল সবার।”
0 মন্তব্য