রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন একজন সার্বজনীন কবি। তিনি সব সময়ের, সব ধর্মের এবং সব মানুষের কবি।
শনিবার জিয়া শিশু কিশোর মেলার উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম বলেন, নজরুল তার প্রতিটি লেখার মাধ্যমে মানবতা, সাম্য ও বিদ্রোহের বার্তা পৌঁছে দিয়েছেন। তাই বিশ্ববিদ্যালয়ে তাকে পড়ানো হোক বা না হোক, তার চর্চা কখনো থেমে যাবে না।
তিনি আরও বলেন, “যতদিন পৃথিবীতে অন্যায়, অবিচার ও জুলুম থাকবে, ততদিন প্রতিবাদের ভাষা হিসেবে নজরুল মানুষের মাঝে বেঁচে থাকবেন।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া শিশু-কিশোর মেলার প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গির শিকদার এবং সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আশরাফুল আমিন।
এতে আরও বক্তব্য রাখেন জাসাসের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক, ছড়াকার আবু সালেহ, নজরুল গবেষক মিন্টু রহমান এবং জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংগঠক ও জিয়া শিশু কিশোর মেলার নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
0 মন্তব্য