পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের টেনশন মার্কেট থেকে বেরুবাড়ি স্কুল মাঠ পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জজ কোর্টের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) আদম সুফি, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব, ডা. রবিউল ইসলাম রবি, ৭ নম্বর হাড়িভাসা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জিয়াউল হক জিয়া এবং সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান প্রধান বুলবুলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে এম এ মজিদ বলেন, পঞ্চগড়-১ আসনের যোগাযোগব্যবস্থার উন্নয়নে অমরখানা, হাড়িভাসা ও চাকলা ইউনিয়নে এলজিইডির মাধ্যমে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে মোট ১৪ কিলোমিটার পাকা রাস্তা নির্মাণ করা হচ্ছে।
এ সময় তিনি পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরকে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান।
দীর্ঘদিনের প্রত্যাশিত রাস্তার নির্মাণকাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুততম সময়ের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করার পাশাপাশি কাজের গুণগত মান নিশ্চিত করার নির্দেশনা দেন।
0 মন্তব্য