জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়ন ইস্যুতে বিএনপি ‘ছলচাতুরী’ করছে। তিনি বলেন, সরকারও এ বিষয়ে এখনো স্পষ্ট অবস্থান জানায়নি।
শনিবার (৯ মে) সকালে রাজধানীর একটি স্থানীয় হোটেলে ‘সংস্কারে অচলাবস্থা সমাধানে করণীয় কী’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, সরকার দাবি করছে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে, তবে কবে, কীভাবে এবং কত সময়ের মধ্যে তা বাস্তবায়ন করা হবে—সে বিষয়ে এখনো কোনো স্পষ্টতা নেই। এটি জনগণের মধ্যে অনিশ্চয়তা তৈরি করছে।
তিনি আরও বলেন, দেশে একটি অচলাবস্থা তৈরি হয়েছে, যেখান থেকে উত্তরণের দায়িত্ব সরকারের। এ অবস্থার সমাধানে রাজনৈতিক উদ্যোগ নেওয়া জরুরি।
আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে এনসিপির এই নেতা বলেন, গণভোটের রায় বাস্তবায়নে সংসদের ভেতরে ও বাইরে আলোচনা চলবে এবং শান্তিপূর্ণ কর্মসূচিও অব্যাহত থাকবে। তবে সরকার যদি ইতিবাচক সাড়া না দেয়, তাহলে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।
তিনি আরও বলেন, প্রাতিষ্ঠানিক সংস্কার না হওয়ায় জনগণ এখনো এর সুফল পাচ্ছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এবং মানবাধিকার পরিস্থিতিরও প্রত্যাশিত উন্নতি হয়নি। পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে এখনো আস্থার ঘাটতি রয়ে গেছে।
0 Comments