প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, দেশে দীর্ঘদিন পর জনগণের ভোটে নির্বাচিত একটি জবাবদিহিমূলক সরকার রাষ্ট্র পরিচালনায় এসেছে। এই সরকারের ক্ষমতায়ন মানেই সাধারণ মানুষের ক্ষমতায়ন, যা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে নাগরিকদের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করছে।
রোববার (১৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁদপুরে আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান–এর উপস্থিতিতে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরকে কেন্দ্র করে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতির কথা তুলে ধরে মাহদী আমিন বলেন, এই জনসমাগম কেবল ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিকে ঘিরে নয়, বরং এটি চাঁদপুরবাসীর ভালোবাসা, আবেগ ও আশার বহিঃপ্রকাশ। তিনি বলেন, প্রধানমন্ত্রী লাল বাসে করে জনসভাস্থলে পৌঁছানোর সময় পথে পথে মানুষের ঢল নামে।
তিনি আরও বলেন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থী থেকে শুরু করে অসংখ্য মা প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য রাস্তায় নেমে আসেন। এর মাধ্যমে দেশের মানুষ নির্বাচিত সরকারের প্রতি তাদের আস্থা প্রকাশ করেছে বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের তিন মাসের কার্যক্রম তুলে ধরে মুখপাত্র বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন জেলায় কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড কর্মসূচির বাস্তবায়ন শুরু হয়েছে।
মাহদী আমিন বলেন, ফ্যামিলি কার্ড শুধু সাময়িক সহায়তা নয়; এটি পরিবার ও সমাজ পরিবর্তনের একটি দীর্ঘমেয়াদি উদ্যোগ। প্রধানমন্ত্রীর বিশ্বাস, দেশের ইতিবাচক পরিবর্তন সম্ভব হবে পরিবার ও বিশেষ করে মায়েদের ক্ষমতায়নের মাধ্যমে।
তিনি আশা প্রকাশ করেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি ভবিষ্যতে বাংলাদেশকে আরও স্বনির্ভর করে তুলবে এবং নারীর ক্ষমতায়নে নতুন গতি আনবে।
চাঁদপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই জনসভায় সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
0 মন্তব্য