প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণ এবং দফতর পুনর্বিন্যাস নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। সরকার গঠনের তিন মাসের মাথায় মন্ত্রিসভায় নতুন সদস্য যুক্ত করা ও কিছু মন্ত্রণালয়ে রদবদলের সম্ভাবনা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।
বর্তমানে ৫০ সদস্যের মন্ত্রিসভায় রয়েছেন ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। এর মধ্যে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন ৮ জন মন্ত্রী ও ৩ জন প্রতিমন্ত্রী। কাজের চাপ কমানো এবং প্রশাসনিক কার্যক্রমে গতি আনতেই তিন থেকে পাঁচজন নতুন মুখ অন্তর্ভুক্ত করার চিন্তা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ বিষয়ে বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রাশেদুজ্জামান মিল্লাত বলেন, “কী হবে, তা আমরা জানি না। ফেসবুকে দেখা যাচ্ছে, অনেকে মন্ত্রী হবেন, রদবদল হবে।”
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক বিষয়। তবে কখন এবং কী ধরনের পরিবর্তন হবে, সে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার প্রধানমন্ত্রীর।
মন্ত্রিপরিষদে সম্ভাব্য নতুন মুখ হিসেবে আলোচনায় রয়েছেন আবদুল মঈন খান, বরকত উল্লাহ বুলু, জয়নুল আবদিন ফারুক, এরশাদ উল্লাহ, বি এম মোশাররফ হোসেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিমা রহমান এবং টেকনোক্রেট কোটায় মোয়াজ্জেম হোসেন আলাল ও মাহিদুর রহমান।
0 মন্তব্য