প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, দেশের প্রতিটি কন্যাশিশুর নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করে তাদের স্বপ্নপূরণের পথে রাষ্ট্র সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, মেয়েদের ভবিষ্যৎ গড়ার পথে রাষ্ট্র কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না, বরং এগিয়ে নিতে সহযোগিতা করবে।
সোমবার (১১ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস অডিটরিয়ামে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, সমাজের প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে একটি মানবিক ও কাঙ্ক্ষিত সমাজ গঠন সম্ভব। তিনি বলেন, নারী পরিবার ও সমাজ উন্নয়নের কেন্দ্রবিন্দুতে থেকে স্বাস্থ্য, শিক্ষা ও গ্রামীণ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
তিনি আরও বলেন, নারীদের স্বনির্ভর করে তুলতে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া জরুরি। এ জন্য প্রয়োজন প্রশিক্ষণ, উন্নয়ন কার্যক্রম এবং বাজারজাতকরণে সহায়তা। এসব উদ্যোগ নারীদের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি পারিবারিক সচ্ছলতা বৃদ্ধি, সন্তানের শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানের শুরুতে পুনাকের বিভিন্ন কার্যক্রম নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র উপভোগ করেন ডা. জুবাইদা রহমান। পরে তিনি রাজধানীর শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের মেধাবী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন।
সমাবেশে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী হাসিনা আহমেদ, সংস্কৃতিসচিব কানিজ মওলা এবং বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সহ-সভানেত্রী সাবিনা আওলাদসহ অন্যান্য অতিথিরা।
0 মন্তব্য