জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন এবং খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করতে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৩ মে) বেলা ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সফরসঙ্গীদের নিয়ে সড়কপথে রওনা হন সরকারপ্রধান।
ত্রিশালে পৌঁছে দুপুরে উপজেলার বালর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন অনুষ্ঠানে উপস্থিত থেকে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
সফরসূচি অনুযায়ী, দুপুর ২টায় তিনি ত্রিশালের নজরুল ডাকবাংলোতে বিরতি নেবেন। পরে বিকেল ৩টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দিয়ে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
এছাড়া বিকেল ৫টায় ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর ময়মনসিংহ উত্তর জেলা, ময়মনসিংহ দক্ষিণ জেলা ও মহানগর শাখার যৌথ সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
সভা শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি। এর মধ্য দিয়ে শেষ হবে তার দিনব্যাপী ময়মনসিংহ সফর।
উল্লেখ্য, এর আগে গত ২০ মার্চ রাজশাহী সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে সময় তিনি বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন।
0 মন্তব্য