ইডেন মহিলা কলেজে ছাত্রদলের নেত্রীদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ‘মব’ সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি দাবি করেছেন, ছাত্রীসংস্থার ‘গুপ্ত কর্মীদের ইন্ধনে’ এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং এর মাধ্যমে ছাত্ররাজনীতি বন্ধের অপচেষ্টা চালানো হচ্ছে।
শনিবার (৯ মে) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করেন তিনি।
পোস্টে নাছির উদ্দীন বলেন, ছাত্ররাজনীতিতে অংশগ্রহণ, ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা এবং রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতা একজন শিক্ষার্থীর মৌলিক অধিকার। কিন্তু একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মব’ সৃষ্টি করে ছাত্ররাজনীতিকে বাধাগ্রস্ত করছে।
তিনি অভিযোগ করে বলেন, অতীতেও বিভিন্ন ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের উদ্দেশ্যে ‘গুপ্ত সংগঠন শিবির’ তাদের কর্মীদের ব্যবহার করে মব সৃষ্টি করেছিল। পরবর্তীতে ওইসব ঘটনার সঙ্গে জড়িতদের কেউ কেউ সংগঠনটির শীর্ষ পর্যায়ের নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন বলেও দাবি করেন তিনি।
পোস্টে সরকারি তিতুমীর কলেজ-এর একটি ঘটনার উল্লেখ করে ছাত্রদলের এই নেতা বলেন, কিছুদিন আগে রাতে কলেজের গেট ভেঙে মব সৃষ্টি করা হয় এবং ছাত্রদলের নেত্রীদের হেনস্তা করা হয়। তার দাবি, ওই ঘটনায় জড়িত একজন পরে কলেজ শাখা শিবিরের সেক্রেটারি হিসেবে পরিচিত হন।
ইডেন মহিলা কলেজের বর্তমান পরিস্থিতির প্রসঙ্গ টেনে নাছির উদ্দীন বলেন, একই কৌশলে ছাত্রীসংস্থার ‘গুপ্ত কর্মীদের ইন্ধনে’ ইডেন কলেজে মব সৃষ্টি করে ছাত্রদলের নেত্রী ও অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের হেনস্তা করা হচ্ছে।
এমনকি ছাত্রীদের হল থেকেও বের করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনিতিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে এসব ‘মব সন্ত্রাস’ ও ছাত্রদলের নেত্রীদের হয়রানি বন্ধ না হলে ছাত্রদল কঠোর প্রতিরোধ গড়ে তুলবে।
একই সঙ্গে কলেজ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সব শিক্ষার্থীর রাজনৈতিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি কোনো ধরনের ‘কূটচাল বা ধোঁকাবাজির’ কাছে নতি স্বীকার না করার আহ্বান জানান তিনি।
0 মন্তব্য