কিলিয়ান এমবাপ্পে ম্যাচের শেষ দিকে পেনাল্টি মিস করেন। আর ট্রয় প্যারট রিয়াল বেতিসের হয়ে নিজের প্রথম গোল করে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে দেন। এই জয়ে লা লিগায় কোচ জোসে মরিনিওর অধীনে রিয়ালের শতভাগ জয়ের সূচনা থেমে গেল। মরিনিওর দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর রিয়ালমাদ্রিদ প্রথম তিন ম্যাচেই জয় পেয়েছিল।
তবে (৪ সেপ্টেম্বর) লা কার্তুজায় ম্যাচের একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে এমবাপ্পের শট ঠেকিয়ে বেতিস গোলরক্ষক আলভারো ভায়েস ঐতিহাসিক জয় নিশ্চিত করেন। প্রথমার্ধে আর্দা গুলের বাড়ানো বল থেকে ভিনিসিয়ুস জুনিয়রের শট পোস্টে লাগে। এমবাপ্পেকেও দুবার গোলবঞ্চিত করেন নাতান বার্নার্দো দে সুজা ও মার্ক বার্ত্রার দুর্দান্ত ব্লক।
রিয়াল যখন বেতিসের রক্ষণ ভাঙতে হিমশিম খাচ্ছিল, তখন ম্যাচ শেষ হওয়ার নয় মিনিট আগে স্বাগতিকরা আচমকা এগিয়ে যায়। নেলসন দেউসার হেড থেকে থিবো কোর্তোয়া দুর্দান্ত সেভ করলেও ফিরতি বল জালে জড়িয়ে দেন প্যারট। ভিনিসিয়ুসের ক্রস থেকে দুর্দান্ত অ্যাক্রোবেটিক ফিনিশে কার্লোস এসপি সমতা ফেরানোর চেষ্টা করেছিলেন। তবে আক্রমণের শুরুতে অফসাইড থাকায় গোলটি বাতিল হয়ে যায়। এরপর এমবাপ্পের সূক্ষ্ম শট ক্রসবারে লেগে ফিরে আসে। নাতানের কঠিন ট্যাকেলে ভিনিসিয়ুস ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল। ম্যাচে সমতা ফেরানোর দারুণ সুযোগ ছিল এমবাপ্পের সামনে। কিন্তু তাঁর নেওয়া পেনাল্টি ঠেকিয়ে দেন ভায়েস।
ফলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বেতিস। চার ম্যাচে তিন জয় ও এক হারে ৯ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদের সমান অবস্থানে উঠে এসেছে তারা। আগামী সপ্তাহে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগে অভিযান শুরু করবে বেতিস।
0 মন্তব্য