সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো নিজের অবসরের পরিকল্পনা নিয়ে বড় ইঙ্গিত দিয়েছেন। ৪১ বছর বয়সী এই পর্তুগিজ তারকা জানিয়েছেন, চলতি মৌসুমই হতে পারে ফুটবল ক্যারিয়ারে তার শেষ মৌসুম।
রোববার মার্কিন লাইফস্টাইল ম্যাগাজিন ভোগ-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘হয়তো এটাই ফুটবলে আমার শেষ মৌসুম হবে। আমি একটি অসাধারণ উত্তরাধিকার রেখে যেতে চাই।’
২০০২ সালে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনের হয়ে পেশাদার ফুটবলে অভিষেকের পর দুই দশকেরও বেশি সময় ধরে মাঠ মাতিয়েছেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও আল নাসরের হয়ে জিতেছেন অসংখ্য শিরোপা।
পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদোর ক্যারিয়ারে অবশ্য এখনো অধরা বিশ্বকাপ। এবারের বিশ্বকাপ থেকেও পর্তুগাল বিদায় নেওয়ায় ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ট্রফিটি তার অর্জনের তালিকায় যোগ হয়নি।
হাজার গোলের দ্বারপ্রান্তে রোনালদো
ক্লাব ও জাতীয় দলের হয়ে রোনালদোর গোলসংখ্যা এখন ৯৭৬। অর্থাৎ ক্যারিয়ারে ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করতে তার প্রয়োজন আর মাত্র ২৪ গোল।
অবসর-পরবর্তী জীবন নিয়েও ভাবতে শুরু করেছেন রোনালদো। তিনি বলেন, ফুটবল ছেড়ে দিলে জীবনে বড় ধরনের শূন্যতা তৈরি হতে পারে। তাই ফুটবলের বাইরে ভ্রমণ, প্যাডেল খেলা ও দেখাসহ বিভিন্ন কাজে সময় কাটাতে চান তিনি।
রোনালদোর ভাষায়, গত ২৫ বছরের ক্যারিয়ার ছিল ত্যাগ ও পরিশ্রমে ভরা। তাই অর্জনগুলো উপভোগ করার পাশাপাশি জীবনের নতুন অধ্যায় নিয়েও ভাবতে চান তিনি।
তবে অবসরের সম্ভাবনার কথা জানালেও চলতি মৌসুমে আল নাসরের হয়ে মাঠে থাকছেন রোনালদো। একই সঙ্গে ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করার সুযোগও থাকছে তার সামনে।
0 মন্তব্য