বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ উপাচার্য (ভিসি) নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ ও উত্তেজনার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
রোববার (১৭ মে) ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এর আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ছাত্রদলের দাবি, নতুন ভিসি নিয়োগের পরপরই ‘সাধারণ শিক্ষার্থীর’ পরিচয়ে ছাত্রশিবির সংশ্লিষ্ট কিছু নেতাকর্মী এ নিয়োগ বাতিলের দাবিতে আন্দোলনে নামে এবং ডুয়েট থেকেই উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। সংগঠনটির ভাষ্য অনুযায়ী, দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বাইরের বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগ একটি প্রচলিত বিষয় হলেও, এ ইস্যুকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে ডুয়েট ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।
বিবৃতিতে আরও বলা হয়, ডুয়েটের বিদায়ী প্রশাসনের বিরুদ্ধে অস্বচ্ছতা, দলীয়করণ, অনৈতিক কর্মকাণ্ড এবং স্বেচ্ছাচারী নিয়োগসহ নানা অভিযোগ রয়েছে। ছাত্রদলের অভিযোগ, বিদায়ী প্রশাসন ও ছাত্রশিবিরের একটি অংশ রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অস্থিতিশীল করতে কাজ করছে। এর অংশ হিসেবে গত চার দিন ধরে আন্দোলনের নামে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করা হয়েছে বলেও দাবি করা হয়।
সংগঠনটি আরও অভিযোগ করে, ‘সাধারণ শিক্ষার্থী’ পরিচয়ে গুপ্ত সংগঠনের কর্মীরা ক্যাম্পাসে সংঘর্ষপূর্ণ পরিস্থিতি তৈরি করেছে।
এ ঘটনায় রাকিবুল ইসলাম রাকিব ও নাছির উদ্দীন নাছির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে তারা ক্যাম্পাসে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য দায়ীদের চিহ্নিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানান।
0 মন্তব্য