আজ বুধবার (১২ আগস্ট ২০২৬) সকাল ৮টায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে, বিশ্ব যুব দিবস উপলক্ষে “ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের আয়োজনে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। তরুণদের মধ্যে সুস্থ জীবনযাপন, পরিবেশ সচেতনতা, সামাজিক সম্প্রীতি এবং সাইক্লিংয়ের মাধ্যমে ইতিবাচক জীবনধারা গড়ে তোলার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. এ কে এম নূর আলম সিদ্দিকী। তিনি বলেন, “তরুণরাই দেশের ভবিষ্যৎ। সুস্থ ও সচেতন তরুণ সমাজ গড়ে তুলতে খেলাধুলা, শরীরচর্চা এবং পরিবেশবান্ধব জীবনযাপনের চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের সভাপতি তাওহীদুর রহমান। তিনি বলেন, “সাইক্লিং শুধু একটি ক্রীড়া বা যাতায়াতের মাধ্যম নয়; এটি সুস্থতা, পরিবেশ সচেতনতা এবং সামাজিক সংযোগের একটি মাধ্যম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণদের মধ্যে সাইক্লিং সংস্কৃতিকে আরও বিস্তৃত করাই আমাদের অন্যতম লক্ষ্য।”
ক্লাবের সাধারণ সম্পাদক সাঈদ মাহমুদ বলেন, “বিশ্ব যুব দিবসের মতো একটি গুরুত্বপূর্ণ দিনে তরুণদের নিয়ে এমন আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। আমাদের লক্ষ্য হলো সাইক্লিংয়ের মাধ্যমে তরুণদের একটি সুস্থ, সচেতন ও পরিবেশবান্ধব জীবনধারার সঙ্গে যুক্ত করা। একই সঙ্গে তরুণদের মধ্যে ঐক্য ও সামাজিক দায়বদ্ধতার বার্তা পৌঁছে দেওয়া।”
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিডি ট্যুরিস্ট সাইক্লিস্টের, প্রধান সমন্বয়কারী ,আমিনুল ইসলাম টুববুস। তিনি বলেন, তারুণ্যের প্রতিভা বিকাশের জন্য সংগঠন একমাত্র অপরিহার্য, সংগঠনের দ্বারা, মানুষ যেমন সংগঠিত হচ্ছে, ঠিক তেমনি একটি রাষ্ট্র পরিচালনা করে আসছে। সংগঠন মানুষকে ঐক্যবদ্ধ , নেতৃত্বের গুণাবলি বিকশিত করে এবং সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে তরুণদের কার্যকর ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি করে। দেশে সাইক্লিংয়ের নারীদের অংশগ্রহণ খুবই কম, তরুণ তরুণীর সামান্তরে
এগিয়ে গেলে আজকের তরুণরাই আগামী দিনের নেতৃত্ব,তাদের স্বপ্ন, মেধা ও সৃজনশীলতাকে সঠিক দিকনির্দেশনা দিয়ে একটি সুন্দর, মানবিক ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।
১৪ই আগস্ট, ঢাকা দিবসে, হৃদয় ঢাকা ,সাইকেল র্যালিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ছাত্র-ছাত্রীদেরকে আহ্বান জানান। ঢাবি, দপ্তর সম্পাদক, সোলায়মান সহ সাইক্লিং ক্লাবের বিভিন্ন বয়সী সাইক্লিংপ্রেমীরা অংশগ্রহণ করেন।
0 মন্তব্য