ফ্যাসিস্ট সরকার দীর্ঘ ১৭ বছর দেশীয় সম্পদকে অবহেলা করে জ্বালানি আমদানিনির্ভর ব্যবস্থা গড়ে তুলেছিল বলে মন্তব্য করেছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, দেশের নিজস্ব সম্পদ কাজে লাগিয়ে জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন করতে চায় সরকার।
মঙ্গলবার (১২ মে) দুপুরে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি মিলনায়তনে স্থানীয় সংসদ সদস্য, কয়লাখনি, তাপবিদ্যুৎ কেন্দ্র এবং মধ্যপাড়া পাথর খনির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “জনগণের যে সম্পদ আছে সেই সম্পদ আহরণ করতে চাই এবং দেশের উন্নতির জন্য সবচেয়ে আগে দরকার জ্বালানি। আমাদের নিজেদের জ্বালানি থাকতে আমরা বিদেশ থেকে কেন আমদানি করব?”
কয়লা বিদ্যুৎকেন্দ্রে ব্যবহারের বিষয়ে তিনি জানান, এ নিয়ে আলোচনা হয়েছে এবং একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ডা. এ জেড এম জাহিদ হোসেন, অনিন্দ্য ইসলাম অমিত, আক্তারুজ্জামান মিয়া, এ জেড এম রেজওয়ানুল হক, জাহাঙ্গীর আলম এবং জেলা প্রশাসক রফিকুল ইসলাম।
সফরসূচির অংশ হিসেবে মন্ত্রী মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি পরিদর্শন শেষে বিকেল ৩টায় বড়পুকুরিয়া খনি শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।
0 মন্তব্য