রংপুরের কাউনিয়ায় বিএনপির নেতাকর্মীরা জুলাই গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে একাত্মতা প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন বলে দাবি করেছেন দলটির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।
সোমবার (১ জুন) বিকেলে কাউনিয়া উপজেলা এনসিপি কার্যালয়ে বিএনপি থেকে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ নাগরিকদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আখতার হোসেন বলেন, “বিএনপি থেকে আজ অনেকেই এনসিপিতে যোগদান করছেন। আমরা তাদের সাধুবাদ জানাই। আপনারা চব্বিশের গণঅভ্যুত্থানের সময় আমাদের সঙ্গে রাজপথে ছিলেন। আমরা একসঙ্গে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছিলাম।”
তিনি অভিযোগ করেন, সরকার গঠনের পর বিএনপি গণভোটের রায় ও জনগণের মতামতকে অস্বীকার করছে।
আখতার বলেন, “গণভোটের মাধ্যমে দেশের রাষ্ট্রব্যবস্থায় যে সংস্কার আনার কথা ছিল, সেই সংস্কারের এজেন্ডাকে যারা উপেক্ষা করতে চায়, তাদের দলকে জনগণের দল হিসেবে আপনারা আর দেখতে পারছেন না। এ কারণেই আপনারা জনগণের পক্ষে থাকা, গণভোট ও সংস্কারের পক্ষে থাকা এনসিপিতে যোগ দিয়েছেন।”
তিনি আরও বলেন, “জুলাইয়ের রাজপথের যোদ্ধা হিসেবে বিএনপি থেকে যারা আজ এনসিপিতে এসেছেন, তাদের আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই।”
এর আগে অনুষ্ঠানে টেপামধুপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি মোহাম্মদ আলী এবং সাবেক সেক্রেটারি রফিকুল ইসলামের নেতৃত্বে বিএনপির ৪৩ জন নেতাকর্মী ও ৬০ জন সাধারণ নাগরিক এনসিপিতে যোগদান করেন বলে দাবি করা হয়।
পরে আখতার হোসেন নবাগতদের ফুলের মালা পরিয়ে দলে বরণ করে নেন।
0 মন্তব্য