শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শিক্ষা সহযোগিতা সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। শিক্ষা ও সংস্কৃতির আদান-প্রদানের মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার (১১ মে) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত ‘পাকিস্তান-বাংলাদেশ জ্ঞান বিনিময় করিডোর’ উদ্বোধন ও ‘এডুকেশন এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, পাকিস্তান সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ চালু করেছে, যা দুই দেশের শিক্ষা সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত হবে।
তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষা ও সাংস্কৃতিক পরিবেশে অনেক মিল রয়েছে। ফলে দুই দেশের মধ্যে শিক্ষা ব্যবস্থাপনা, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ আরও বাড়বে।
ড. এহছানুল হক মিলন জানান, বর্তমানে দেশে ১১৬টি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং আরও কয়েকটি প্রতিষ্ঠার প্রক্রিয়া চলছে। এর মধ্যে ৫৭টি বিশ্ববিদ্যালয় ভালোভাবে পরিচালিত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, পাকিস্তানের সঙ্গে শিক্ষা ও জ্ঞান বিনিময়ভিত্তিক এ ধরনের আয়োজনকে সরকার ইতিবাচকভাবে দেখছে। যোগ্য শিক্ষার্থীরা পরীক্ষার মাধ্যমে পাকিস্তানে উচ্চশিক্ষার সুযোগ পাবেন বলেও জানান তিনি।
তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চশিক্ষা গ্রহণে উৎসাহিত করে বলেন, সেখানে বেশ কিছু আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় রয়েছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা দেওয়া হবে। পাশাপাশি বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগও রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, ‘আল্লামা ইকবাল স্কলারশিপ’ কর্মসূচি সফল হবে বলে তিনি আশাবাদী।
0 মন্তব্য