আগামী ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি পালনের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। দিবসটি যথাযথভাবে উদ্যাপনের লক্ষ্যে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি এর তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করতে বলা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করতে হবে। একই সঙ্গে দিবসটির তাৎপর্য ও ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে আলোচনা সভার আয়োজনেরও নির্দেশ দেওয়া হয়েছে।
এ নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সব শিক্ষা প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
0 মন্তব্য