ভারতের সি জোসেফ বিজয় শপথ নেওয়ার পর প্রথম ভাষণে নিজেকে একজন ‘সাধারণ মানুষ’ হিসেবে তুলে ধরেছেন। তিনি বলেন, কোনো রাজকীয় বা রাজনৈতিক পরিবার থেকে না এসেও জনগণের ভালোবাসায় তিনি এ দায়িত্ব পেয়েছেন।
রোববার (১০ মে) জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়াম-এ আয়োজিত শপথ অনুষ্ঠানে বিজয় বলেন, তিনি জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না। পাশাপাশি ‘প্রকৃত ধর্মনিরপেক্ষ সামাজিক ন্যায়ের নতুন যুগ’ গড়তে কাজ করার অঙ্গীকারও করেন।
নতুন মুখ্যমন্ত্রী জনগণের কাছে তার সরকারের কাজ মূল্যায়নের জন্য যুক্তিসঙ্গত সময় চেয়ে বলেন, “আমাকে ছাড়া আর কোনো ক্ষমতার কেন্দ্র থাকবে না। আমিই একমাত্র ক্ষমতার কেন্দ্র হব।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জোটসঙ্গীদের চাপমুক্ত থেকে সরকার পরিচালনার ইঙ্গিতই দিয়েছেন তিনি।
নির্বাচনি হলফনামা অনুযায়ী, বিজয়ের মোট সম্পদের পরিমাণ ৬২৪ কোটি রুপি। এর মধ্যে ২১৩ কোটি রুপি বিভিন্ন সঞ্চয়ী হিসাবে এবং প্রায় ১০০ কোটি রুপি বিভিন্ন ব্যাংকে স্থায়ী আমানত হিসেবে রয়েছে।
ভাষণে তিনি রাজ্যের আর্থিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানান, স্বচ্ছতার স্বার্থে সরকার একটি শ্বেতপত্র প্রকাশের বিষয় বিবেচনা করছে।
তিনি বলেন, তামিলনাড়ু সরকারের বর্তমান অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। রাজ্যের মোট ঋণ ১০ লাখ কোটি রুপির বেশি হয়ে গেছে। সরকারি কোষাগার প্রায় খালি করে ফেলা হয়েছে এবং অসহনীয় বোঝা রেখে যাওয়া হয়েছে।
0 মন্তব্য