মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। দেশটিতে আগামী ২৭ মে (বুধবার) ঈদুল আজহা উদযাপিত হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।
এ ছাড়া ওমান, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াসহ কয়েকটি দেশেও একই দিনে ঈদ উদযাপিত হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, ১৪৪৭ হিজরির ১ জিলহজ শুরু হবে আগামীকাল সোমবার (১৮ মে)। ইসলামী বিধান অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা পালিত হয়। সেই হিসাবে সৌদি আরবে ১০ জিলহজ তথা কোরবানির ঈদ অনুষ্ঠিত হবে আগামী ২৭ মে।
অন্যদিকে সংবাদমাধ্যম মালে মেইল জানিয়েছে, মালয়েশিয়ার রাজা পরিষদের ভারপ্রাপ্ত সহকারী সচিব মুহাম্মদ আফেন্দি জালালুদ্দিন জাতীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করেছেন।
ঘোষণার পর থেকেই দেশজুড়ে স্থানীয় মুসলিমদের পাশাপাশি প্রবাসী মুসলিমদের মধ্যেও ঈদ প্রস্তুতি শুরু হয়েছে। বিভিন্ন মসজিদ, সুরাউ ও ইসলামিক সংগঠন ইতোমধ্যে কোরবানি ও ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি নিতে শুরু করেছে।
রাজধানী কুয়ালালামপুরসহ সেলাঙ্গর, পেনাং, জোহর ও অন্যান্য অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরাও ঈদ উদযাপনের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন।
0 মন্তব্য