লা লিগার শিরোপা আগেই নিশ্চিত করেছিল বার্সেলোনা। তাই মৌসুমের শেষ ম্যাচে চাপমুক্তভাবেই মাঠে নেমেছিল কাতালানরা। তবে শেষটা সুখকর হয়নি তাদের জন্য। মেস্তাইয়া স্টেডিয়ামে ভ্যালেন্সিয়ার কাছে ৩-১ গোলে হেরে মৌসুম শেষ করেছে বার্সা।
তবে হারের ম্যাচেও আলোচনায় ছিলেন রবার্ট লেভানদোভস্কি। বার্সেলোনার হয়ে নিজের বিদায়ী ম্যাচে গোল করে স্মরণীয় মুহূর্ত উপহার দেন এই পোলিশ স্ট্রাইকার।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ভ্যালেন্সিয়া। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি স্বাগতিকরা। অন্যদিকে কর্নার থেকে লেভানদোভস্কির নেওয়া হেড পোস্টে লেগে ফিরে আসে।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় বার্সা। ৬১ মিনিটে ফেরান তোরেসের শট দিক পরিবর্তন করে জালে জড়িয়ে দেন লেভানদোভস্কি।
কিন্তু পিছিয়ে পড়ার পরই ঘুরে দাঁড়ায় ভ্যালেন্সিয়া। মাত্র পাঁচ মিনিট পর দূরপাল্লার দুর্দান্ত শটে সমতা ফেরান হাভি গেরা। এরপর ৭১ মিনিটে লুইস রিওহার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।
শেষ দিকে সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিল বার্সা। তবে আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের হেডলাইন থেকে অসাধারণভাবে ঠেকিয়ে দেন গোলরক্ষক স্তোলে দিমিত্রিয়েভস্কি।
যোগ করা সময়ে গুইদো রদ্রিগেজ আরও একটি গোল করে ভ্যালেন্সিয়ার জয় নিশ্চিত করেন।
এই জয়ের মাধ্যমে টানা ১১ ম্যাচ পর বার্সেলোনার বিপক্ষে জয় পেল ভ্যালেন্সিয়া। যদিও ইউরোপিয়ান প্রতিযোগিতায় জায়গা নিশ্চিত করতে পারেনি দলটি।
অন্যদিকে বিদায়ী ম্যাচে গোল করে ব্যক্তিগত এক অনন্য রেকর্ডও গড়েছেন লেভানদোভস্কি। লা লিগায় একক কোনো প্রতিপক্ষের বিপক্ষে এবারই প্রথম ১০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
0 মন্তব্য