বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি ভারতের সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করবে পশ্চিমবঙ্গ সরকার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সোমবার (১১ মে) স্থানীয় সময় দুপুর ১২টায় নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকেই সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে প্রয়োজনীয় জমি দ্রুত সীমান্তরক্ষী বাহিনীকে বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, সীমান্ত এলাকায় কাঁটাতার স্থাপনের জন্য প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। এ বিষয়ে ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “রাজ্যের জনবিন্যাস বদলে গেছে। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সীমান্তরক্ষী বাহিনীকে জমি হস্তান্তরের অনুমোদন দেওয়া হয়েছে।”
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিকবার সীমান্তে বেড়া নির্মাণের জন্য জমি না দেওয়ায় পশ্চিমবঙ্গ সরকারের সমালোচনা করেছিলেন। এবার ক্ষমতায় এসে প্রথম মন্ত্রিসভা বৈঠকেই এ বিষয়ে বড় সিদ্ধান্ত নিল নতুন সরকার।
গত শনিবার শপথ নেওয়ার পর পশ্চিমবঙ্গকে নতুনভাবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন শুভেন্দু অধিকারী। সোমবারের বৈঠককে কেন্দ্র করে রোববার থেকেই নবান্ন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। কলকাতা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, মুখ্যমন্ত্রীর সফরকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা করা হয়েছে।
এদিকে, মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, হত্যাকাণ্ডে ব্যবহৃত নিশান কোম্পানির একটি গাড়ি ঝাড়খণ্ড থেকে আনা হয়েছিল। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজতে পুলিশের একটি দল ইতোমধ্যে উত্তর প্রদেশে অভিযান শুরু করেছে।
0 মন্তব্য