জোয়াও ফেলিক্সের দুর্দান্ত অভিষেক মৌসুমের স্বীকৃতি মিলল সৌদি আরবে। আল নাসরের হয়ে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে সৌদি প্রো লিগের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এই পর্তুগিজ তারকা।
এই পুরস্কারের দৌড়ে তিনি সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদোসহ আরও কয়েকজন আলোচিত ফুটবলারকে পেছনে ফেলেছেন।
স্থানীয় সময় শুক্রবার (২২ মে) দামাকের বিপক্ষে ৪-১ গোলের জয়ের মাধ্যমে লিগ শিরোপা নিশ্চিত করে আল নাসর। ম্যাচটিতে ফেলিক্স ও রোনালদো দুজনই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এই জয়ে আল হিলালকে দুই পয়েন্টে পিছনে ফেলে মৌসুম শেষ করে আল নাসর। একই সঙ্গে সৌদি আরবে যোগ দেওয়ার পর এটি ছিল রোনালদোর প্রথম বড় শিরোপা।
ম্যাচে রোনালদো জোড়া গোল করে মৌসুমে নিজের গোলসংখ্যা ২৮-এ নিয়ে যান। তবে ব্যক্তিগত পুরস্কারের ক্ষেত্রে পুরো মৌসুমে ফেলিক্সের ধারাবাহিক পারফরম্যান্সই তাকে এগিয়ে রেখেছে। ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড লিগে ২০ গোল করার পাশাপাশি সর্বোচ্চ ১৩টি অ্যাসিস্টও করেন।
তিনি গোলদাতার তালিকায় থাকা জুলিয়ান কুইনোনস এবং ইভান টোনিকে পেছনে ফেলে বর্ষসেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান। চেলসি থেকে ৩০ মিলিয়ন ইউরোতে দুই বছরের চুক্তিতে সৌদি আরবে যোগ দেওয়ার পর এটি ছিল ফেলিক্সের প্রথম মৌসুম।
শিরোপা জয়ের পর ফেলিক্স বলেন, “ফুটবল খেলা আমাকে আনন্দ দেয়, বিশেষ করে নিজের পজিশনে খেলতে পারলে। কোচ আমাকে অনেক আত্মবিশ্বাস দিয়েছেন। তিনি আমাকে দলকে নেতৃত্ব দিতে ও দলের অন্যতম প্রধান আকর্ষণ হতে স্বাধীনতা দিয়েছেন। আর যখন এমনটা হয়, তখন সবকিছুই ভালোভাবে এগোয়।
এদিকে আল নাসরের কোচ হোর্হে জেসুস মৌসুমসেরা কোচ নির্বাচিত হওয়ার পর ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, “এটি সবার জন্য একটি বিশেষ বিজয়, বিশেষ করে ক্রিস্টিয়ানোর জন্য। কারণ সৌদি আরবে এসে এর আগে সে কোনো শিরোপা জিততে পারেনি।
জেসুস আরও বলেন, আমি এই চ্যালেঞ্জ নিয়েছিলাম শুধুমাত্র তাকে চ্যাম্পিয়ন করতে সাহায্য করার জন্য। আমরা শিরোপা জিতেছি, এখন আমার কাজ শেষ। আল নাসরের হয়ে এটাই আমার শেষ ম্যাচ।
0 মন্তব্য