বাবার মৃত্যুসংবাদ পাওয়ার কয়েক ঘণ্টা পরই বড় ম্যাচে দলের পাশে ছিলেন বার্সা কোচ
বড় প্রতিদ্বন্দ্বিতার ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়ে লিগ শিরোপা নিশ্চিত করেছে এফসি বার্সেলোনা রোববার (১০ মে) দিবাগত রাতে ক্যাম্প ন্যুতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ-কে ২-০ গোলে হারিয়েছে কাতালানরা। এই জয়ে তিন ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা নিজেদের করে নিয়েছে বার্সেলোনা।
তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় ব্যক্তিগত শোকের মুখোমুখি হন বার্সা কোচ হেনসি ফ্লিক। রোববার সকালে তার বাবার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে বার্সেলোনা কর্তৃপক্ষ।
এক আনুষ্ঠানিক বিবৃতিতে ক্লাবটি জানায়, “হেনসি ফ্লিকের বাবার মৃত্যুতে এফসি বার্সেলোনা গভীর শোক প্রকাশ করছে। এই কঠিন সময়ে ফ্লিক ও তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা ও প্রার্থনা রইলো।”
বাবার মৃত্যুসংবাদ পাওয়ার পরও পেশাদারিত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন হেনসি ফ্লিক। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে খেলোয়াড়দের বিশ্রামস্থলের পাশে দাঁড়িয়ে থেকেই দলকে নেতৃত্ব দেন তিনি। ম্যাচ শেষে দলের জয় নিশ্চিত করেই পরিবারের পাশে থাকতে জার্মানির উদ্দেশে রওনা হন এই জার্মান কোচ।
রিয়াল মাদ্রিদকে হারিয়ে ২৯তম লিগ শিরোপা ঘরে তুলেছে বার্সেলোনা। ৩৫ ম্যাচে দলটির সংগ্রহ ৯১ পয়েন্ট। সমান ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭৭। ফলে বাকি তিন ম্যাচে বার্সেলোনা হারলেও এবং রিয়াল মাদ্রিদ সব ম্যাচ জিতলেও শিরোপার ব্যবধান আর ঘোচানো সম্ভব নয়।
0 মন্তব্য