সিরাজগঞ্জের রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১২টায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ডেঙ্গু প্রতিরোধে সকলকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকার আহ্বান জানান। তিনি মশার বংশবিস্তার রোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং ঘুমানোর সময় নিয়মিত মশারি ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সমাজের পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, “তাদের আত্মনির্ভরশীল করে তুলতে সরকারি সহায়তার পাশাপাশি সামাজিক সহযোগিতা আরও বাড়াতে হবে।”
আসন্ন শারদীয় দুর্গাপূজা প্রসঙ্গে তিনি বলেন, পূজা উদ্যাপন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষা, মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলকে সতর্ক থাকার নির্দেশ প্রদান করেন।
এ সময় ফ্যামিলি কার্ডের শুমারি কার্যক্রম নিয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন জেলা প্রশাসক। তিনি এই কার্যক্রম অত্যন্ত সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করতে সঠিক তথ্য সংগ্রহ এবং প্রকৃত উপকারভোগী শনাক্ত করার ওপর জোর দেন।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় ইউপি চেয়ারম্যানবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
এর আগে জেলা প্রশাসক রায়গঞ্জ উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন এবং সেখানে সেবা কার্যক্রমের বিভিন্ন দিক ঘুরে দেখেন। সভা শেষে তৃতীয় লিঙ্গের সদস্যসহ এলাকার বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের মাঝে মশারি বিতরণ করা হয়।
0 মন্তব্য