রাজধানীর মোহাম্মদপুর থানার একতা হাউজিং এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের অন্যতম সদস্য মো. রুবেল ওরফে ‘মাওরা রুবেল’কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র্যাব-২। অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে চক্রের অন্য সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রুবেলকে আটক করা হয়। তবে তার সঙ্গে থাকা আরও কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়।
র্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল নিজেকে একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য হিসেবে স্বীকার করেছেন।
তিনি জানান, চক্রটি দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর, আদাবরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি ও চুরির সঙ্গে জড়িত। তারা চাপাতি, সামুরাই ও ছুরির ভয় দেখিয়ে পথচারীদের কাছ থেকে টাকা, মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিত।
র্যাবের দাবি, গত ১১ এপ্রিল আদাবর এলাকায় এক ডেলিভারিম্যানকে মারধর করে ছিনতাইয়ের ঘটনায়ও রুবেল জড়িত। ওই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে ব্যাপক আলোচনা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, রুবেল একজন ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।
0 মন্তব্য