টানা তাপপ্রবাহ ও অস্বস্তিকর গরমের পর রাজধানী ঢাকায় নেমেছে স্বস্তির বৃষ্টি। তবে সেই বৃষ্টিই নগরজুড়ে সৃষ্টি করেছে জলাবদ্ধতা ও তীব্র ভোগান্তি। রোববার (১৭ মে) ভোর থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে ঢাকার বিভিন্ন এলাকায় জলজট দেখা দেয়, ব্যাহত হয় স্বাভাবিক যান চলাচল।
গত দুই দিন দেশের দক্ষিণাঞ্চলের ১৩ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যায়। এর প্রভাবে শনিবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। তবে রাত পেরিয়ে ভোরে আবহাওয়ায় বড় পরিবর্তন আসে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঘণ্টাখানেক বিরতির পর সকাল সাড়ে ৭টার দিকে আবারও ভারী বৃষ্টি শুরু হলে বিভিন্ন সড়ক ও অলিগলিতে পানি জমে যায়।
সকালের কর্মব্যস্ত সময়ে বৃষ্টির কারণে নগরবাসীকে চরম দুর্ভোগে পড়তে দেখা যায়। ধীরগতির যান চলাচল, জলাবদ্ধ রাস্তা ও ভেজা পরিবেশে অফিসগামী মানুষকে ভোগান্তির মুখে পড়তে হয়।
আবহাওয়া অধিদপ্তরের সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ সময় দক্ষিণ কিংবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
বৃষ্টির প্রভাবে রাজধানীর তাপমাত্রাও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিন একই সময়ে ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি ও কালবৈশাখী হতে পারে। রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।
এসব এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে এবং আগামীকাল সোমবার সূর্যোদয় হবে ভোর ৫টা ১৫ মিনিটে।
0 মন্তব্য