যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নির্বাচিত মুসলিম সিনেটর আব্দুল এল-সায়েদ পবিত্র কোরআনে হাত রেখে শপথ নিতে যাচ্ছেন। আগামী ৩ জানুয়ারি ২০২৭ সালে নবনির্বাচিত অন্য জনপ্রতিনিধিদের সঙ্গে সিনেটর হিসেবে শপথ নেবেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম এনপিআরকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেই এ পরিকল্পনার কথা জানিয়েছেন আব্দুল এল-সায়েদ।
তিনি জানান, ঐতিহাসিক দুটি কোরআনের যেকোনো একটির ওপর হাত রেখে শপথ নেওয়ার পরিকল্পনা করছেন। এর একটি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট থমাস জেফারসনের ব্যবহৃত ও মালিকানাধীন কোরআন। অন্যটি অত্যন্ত প্রাচীন একটি কোরআন, যা মিশিগান বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত রয়েছে।
গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে মিশিগান থেকে সিনেটর নির্বাচিত হন আব্দুল এল-সায়েদ। নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করেন তিনি।
তার এই শপথ গ্রহণ যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিশেষ তাৎপর্য বহন করছে। কারণ, দেশটির ইতিহাসে তিনিই প্রথম নির্বাচিত মুসলিম সিনেটর। এর আগে কোনো মুসলিম সিনেটর নির্বাচিত না হওয়ায় সিনেটে কোরআনে হাত রেখে শপথ নেওয়ার এমন নজিরও ছিল না।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, নির্বাচিত জনপ্রতিনিধিরা নিজ নিজ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থের ওপর হাত রেখে শপথ নিতে পারেন। ফলে আব্দুল এল-সায়েদের কোরআনে হাত রেখে শপথ নেওয়ার ক্ষেত্রে সাংবিধানিক কোনো বাধা নেই।
0 মন্তব্য