পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, বাংলাদেশের ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে যারা ঘুরে বেড়াচ্ছেন, তাদেরও ছাড় দেওয়া হবে না। শনিবার (১৬ মে) ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনি প্রচারে আয়োজিত এক জনসভায় তিনি এ মন্তব্য করেন।
জনসভায় শুভেন্দু বলেন, প্রধানমন্ত্রীর আবাসন প্রকল্পের বাড়ি, আম্ফানের ক্ষতিপূরণের টাকা, প্রধানমন্ত্রী কৃষক সম্মান তহবিল, কৃষক বন্ধু প্রকল্প, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, শৌচাগার নির্মাণ ও ১০০ দিনের কর্মসূচিতে যদি কেউ ঘুষ নিয়ে থাকে, তাহলে প্রমাণসহ অভিযোগ গ্রহণ করা হবে। তিনি বলেন, প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের সরাসরি কারাগারে পাঠানো হবে।
তিনি আরও বলেন, “আমার মা-বোন, দিদি ও শিশু কন্যাদের ওপর যদি কেউ শারীরিক নির্যাতন করে এবং এখনো বাংলাদেশের স্লোগান ‘জয় বাংলা’ বলে ঘুরে বেড়ায়, তাদেরও ছাড়া হবে না।”
শুভেন্দু দাবি করেন, ক্ষমতায় আসার মাত্র আট দিনের মধ্যেই সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত ৩২১ জন বিজেপি কর্মী নিহত হয়েছেন। তাদের পরিবারের ১৮ থেকে ৪৫ বছর বয়সী সদস্যদের চাকরি দেওয়া হবে।
সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী-এর সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, জনসংখ্যা গণনার কাজ আটকে রাখা হয়েছিল, যা এখন আবার চালু করা হয়েছে। সীমান্তরক্ষী বাহিনীর কাছে জমি হস্তান্তরের কাজও শুরু হয়েছে। তিনি আরও বলেন, নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় শরণার্থীরা থাকতে পারবেন, তবে “অনুপ্রবেশকারীদের বিদায় জানানো হবে।”
এদিকে, দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং যন্ত্রে কারচুপির অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তর প্রতিবেদনে বলা হয়েছে, ভোটের দিন সকাল থেকেই বিভিন্ন বুথে অনিয়ম ও ভোটযন্ত্রসংক্রান্ত সমস্যা ছিল। এছাড়া কয়েকটি বুথে নজরদারি ক্যামেরায় টেপ লাগিয়ে তা বন্ধ করে দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ফলতা কেন্দ্রে আগামী বৃহস্পতিবার (২১ মে) পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
0 মন্তব্য